গন্তব্য
![]() |
| ছবিঃ প্রতীকী |
এক্সকিউজ মি এই সিটটা RAC আছে। উঠে বসুন, আমাকে বসার জায়গা করে দিন।
সবে ঘুমটা এসেছিল। মেয়েলি কন্ঠ শুনে ঘুম ভেঙ্গে বিরক্তিভরে পাশ ফিরল ছেলেটি। চোখ কচলে ভালোভাবে দেখল, সীটে সে একা। তার মানে মা-বাবা উভয়েই তাদের গন্তব্য স্টেশনে নেমে গেছেন।
কোন উত্তর দেবার আগেই তরিঘড়ি মেয়েটি লোয়ার সীটের তলায় লাগেজ চালান করে দিয়ে উপরে উঠতে লাগল। ছেলেটি ততক্ষণে পা গুটিয়ে একপাশে উঠে বসেছে। অল্প সময়ের মধ্যেই সে সীটে অন্য আরেকজনের উপস্থিতিতে ধাতস্থ হয়ে উঠেছে৷ হাসি, গল্প, আড্ডায় কেটে গেল কিছুক্ষণ। ধীরে ধীরে ঘুম নেমে এল তাদের দুচোখে। ছেলেটির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল মেয়েটি। ভোর বেলা তাদের ঘুম ভাঙল শিশুর কান্নার শব্দে। মেয়েটি ব্যস্ততার সাথে ব্লাউজের হুক খুলে শিশুটিকে দুধ খাওয়াচ্ছে, ছেলেটি উবু হয়ে উঠে সেদিকের পর্দা টেনে দিল৷
ছেলে কোথায়? এ তো পরিনত এক ভদ্রলোক। মেয়েটির চেহারাতেও সদ্য প্রসবা মায়ের সমস্ত লক্ষণ, কপালে সিঁদুর, হাতে শাঁখা। শিশুটি তাদের পুত্র সন্তান।
দুজনে দুই দিকে হাঁটু মুড়ে বসে আছে। মাঝখানে তাদের ছেলে বইয়ে মুখ গুঁজে বসে পড়াশুনা করছে।
মেএএএ...... থুড়ি, প্রৌঢ়া ধীরে ধীরে উপর থেকে নীচে নামতে লাগলেন। প্রৌঢ় তাকে একঝলক দেখে ফের মাথাটা দেওয়ালে এলিয়ে দিয়ে চোখ বুজলেন। প্রৌঢ়ার গন্তব্য স্থলে ট্রেন থামল। তিনি নেমে চলে গেলেন। ট্রেন আবার চলতে শুরু করেছে। বাইরে ঘন কুয়াশার চাদর। স্টেশনের নাম ধাম কিছুই দেখা যাচ্ছেনা। কেউ দেখতেও যায়নি।
কিছু সময় এভাবে কাটল। তারপর প্রৌঢ় তার যুবক সন্তানের দিকে চাইলেন...."আমাকে একটু নামতে সাহায্য করো তো বাবা।" যুবক জিজ্ঞাসা করল..... "কোথায় যাবে?"
প্রৌঢ় কোন উত্তর দিলেন না৷ নীচে নেমে এসে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। আয়নার দিকে তাকিয়ে মাথার পলিত পক্ককেশগুলি দেখেন, ইইই করে দেখ নেন দুটি পাটিতে একটা অর্ধেক দাঁতও অবশিষ্ট আছে কি না, দেখে নেন মুখের ঝুলে পড়া কোঁচকানো চামড়া। তারপর তিনি একবার অসহায় ভাবে ফেলে আসা সাইড আপার সীটটার দিকে ফিরে চাইলেন৷ এখন সেখানে তার ছেলের সাথে একটি যুবতীও বসে আছে। যুবতীর কোল আলো করে বসে আছে এক দেবশিশু। সুখী দাম্পত্যের চিহ্ন।
করুণ শব্দ করে ট্রেনটা থামল। এটাই বৃদ্ধের গন্তব্য। এতদূরই আসার ছিল তার৷ সব আত্মীয়তার মায়া কাটিয়ে বৃদ্ধ নেমে গেলেন কুয়াশায় ঢাকা সেই নাম না জানা স্টেশনে।
ট্রেনের হুইসেল বাজল.... ফের চলতে থাকল ট্রেন।
~শ্রীচিত্রকবর্ম্মা (সৌরভ মল্লিক)

Bah bah bah
ReplyDeleteকে বাহবা দিলেন.... দেখা যাচ্ছেনা।
Delete